বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র স্থান কারাগারে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আমরা জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে দেখতে চাই না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাসদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিএনপির গণতন্ত্রের সদস্য পদ বাতিল হয়ে গেছে দাবি করে মন্ত্রী বলেন, হরতাল অবরোধের নামে আগুন যুদ্ধে জড়িয়ে বিএনপির গণতন্ত্রের সদস্য পদ বাতিল হয়ে গেছে। বছরের শুরুতে হরতাল অবরোধের নামে আগুন যুদ্ধে জড়িয়ে গিয়েছে বিএনপি। আগুন যুদ্ধে লিপ্ত খালেদা জিয়াকে একচুলও ছাড় দেয়া হবে না।

তিনি নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে ঢাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেয়র সাঈদ খেকন, জাসদ নেত্রী শিরিন আক্তার, মো. শহিদুল ইসলাম, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হুসেন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

জেআই