বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য ইসলামী আন্দোলনের পতাকাতলে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে। যেভাবে মদিনার যুবকেরা রাসুল সাঃ এর ছায়াতলে এসে মদীনাকে ইসলামী রাষ্ট্রের কেন্দ্র বানিয়ে বিশ্বব্যাপি ইসলামের শান্তির সুবাতাস ছড়িয়ে ছিল ঠিক তেমনি বাংলার এই ভূখন্ডে ইসলামকে বিজয়ী করে চারিদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য তরুণ ও যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা থানা আমীর মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরোও বক্তব্য রাখেন ডেমরা থানা সেক্রেটারী ও দর্শনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. মোহাম্মদ আলী, উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম. ইউ হেলাল, দেলোয়ার হোসাইন, মোকতাছেদুল হক প্রমূখ নেতৃবৃন্দ।

ড. মাসুদ বলেন, দেশের মানুষ আজ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে বর্তমান সরকার দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। কেন্দ্র দখল, জাল ভোটের মহোৎসবসহ প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের নির্বাচন ব্যাবস্থাকে কলংকিত ও ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত ৩টি সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আবারো এটা প্রমাণিত যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আবারো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবী জানান। তিনি সড়ক ও মহাসড়কে অদক্ষ গাড়িচালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে গনপরিবহন সেক্টরে শৃংখলা আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধ করে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

তিনি আরও বলেন, ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের সকল স্তরে আল্লাহ রাব্বুল আলামীনের দেওয়া বিধান তথা ইসলামের নীতি ও আদর্শকে আরোও দৃঢ়ভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে। এক্ষেত্রে কোন অত্যাচারীর জুলুম নির্যাতনে ভীত না হয়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করেই আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কাজ করতে হবে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদাত্ত আহবান জানান।

এসএম