ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। এক লাখ ৮৮ হাজার ৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঢাকা দক্ষিণের ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

ভোট গ্রহণ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল আসতে শুরু করে। রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

রাত সাড়ে ১‌২টার দিকে সবগুলো এক হাজার ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করে ব্যারিস্টার তাপসকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

সবগুলো কেন্দ্রের ফলাফল অনুযায়ী নির্বাচনে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুর রহমান। হাতপাখা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৬ হাজার ৫২৫টি ভোট। চতুর্থ হয়েছেন গণফ্রন্টের আবদুস সামাদ সুজন। মাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি ভোট। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন পঞ্চম হয়েছেন। লাঙল প্রতীক নিয়ে তিনি পাঁচ হাজার ৫৯৩টি ভোট পেয়েছেন।

অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. বাহারানে সুলতান বাহার আম প্রতীক নিয়ে তিন হাজার ১৫৫টি ও বাংলাদেশ কংগ্রেসের মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ডাব প্রতীক নিয়ে দুই হাজার ৪২১টি ভোট পেয়েছেন।

ভোটগ্রহণ শুরু হলে সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

এমবি