দুপুরে প্রচারণাকালে ঠাকুরগাঁওয়ে গাড়িবহরে হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই গাড়িবহরে হামলা করা হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়।
বিএনপি মহাসচিব বলেছেন, আমি আমার লোকজনকে বলেছি, কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব।
হামলার ঘটনা নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, এখানে আসা মাত্রই আমাদের গাড়িবহরে হামলা হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার অনেক পর ঘটনাস্থলে এসেছে। তাদের উচিত ছিল ঘটনার সঙ্গে সঙ্গে আসা।
রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি





