লংমার্চ কর্মসূচির প্রস্তুতি নিয়ে সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ বাস্তবায়ন কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ১১ দফা দাবিতে দেশব্যাপী চারটি লংমার্চের ঘোষণা দেয় ১১ দলীয় ঐক্য।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চ কর্মসূচিগুলো শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা রয়েছে।

লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এস