বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ও সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই দেশে অগ্নিদুর্ঘটনা প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
আজ রোববার রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিদায়ী বছরে বনানীর এফআর টাওয়ার, পুরান ঢাকার চুড়িহাট্টা, কেরানীগঞ্জ ও গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ছিল খুবই ভয়াবহ। সারা দেশে বছরজুড়ে এ রকম ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় ২৩ হাজার। প্রাণ হারিয়েছেন ১৮৬ জন। কিন্তু এতেও সরকার বা সংশ্লিষ্ট বিভাগের বোধদয় হয়নি।
ডা. শফিক কালশীর বাউনিয়া বস্তিত্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরুণ, অনতিবিলম্বে পূনর্বাসনে সরকারের প্রতি জোর দাবি করেন এবং দুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে সমাজের বিত্তবান মানুষ সহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
জামায়াতের আমির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ফায়ার সার্ভিসের প্রতিবেদনে চলতি বছর অগ্নিকাণ্ডের ঘটনা ও প্রাণহানী দুটোই ছিল গত বছরের চেয়ে অনেক বেশি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারাদেশেই আগুনের লেলিহান শিখা সত্যিই দুর্ভাগ্যজনক। তিনি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিককে আধুনিকীকরণ, দক্ষ জনবল বৃদ্ধি ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
আমীরে জামায়াত বলেন, রাজধানীতে অগ্নিদুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত নগরায়ন, ইমারতগুলো অগ্নিনির্বাপনের সুযোগের অপ্রতুলতা ও নিরাপদ বহির্গমন পথ না থাকা এর অন্যতম কারণ। ফলে এক ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন দুর্ঘটনা ঘটছে। কিন্তু সরকার বা সংশ্লিষ্ট বিভাগ অগ্নিদুর্ঘটনা রোধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।
তিনি অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষের সাথে একান্তে কথা বলেন। তিনি তাদেরকে বিপদে ধৈর্য্য না হারিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে উদ্ভূত সঙ্কট কাটিয়ে ওঠার পরামর্শ দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি লস্কর মো. তসলিম ও মাহফুজুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি
এএস





