জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপিকে রাস্তায় পাওয়া যাচ্ছে না। আর আওয়ামী লীগের আমলে দেশে গডফাদার সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর শহরের নাছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে কি হবে? তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, ঘরে ঘরে হাওয়া ভবন তৈরি হবে, মানুষ গুম হবে ও খুন হবে। তারেক জিয়াকে মানুষ ভয় পায়, তার কথা শুনলে দেশের মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়।
তিনি বলেন, দুই নেত্রীর দিন শেষ। আগামী দিন হবে জাতীয় পার্টির বাংলাদেশ। মানুষ শান্তিতে থাকতে চায়। জীবনের নিরাপত্তা চায়।
তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে লক্ষ্মীপুরে রেললাইন ও নৌ-বন্দর স্থাপন করা হবে।
এরশাদ বলেন, গত দুই সরকারের আমলে প্রতিটি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয়নি। আমাদের সময় কোনো ঘুষ ছিলনা। বর্তমান সময়ে আওয়ামী লীগ না করলে কেউ কোনো চাকরি বা কাজ পায়না।
জাতীয় পার্টির জেলা আহবায়ক ও সাংসদ এম নোমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমআর মাসুদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ হেলাল প্রমুখ।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





