দেশব্যাপী মানববন্ধন করেছে চরমোনাইপীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা বন্ধের দাবিতে সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তবে রাজধানী ঢাকাতে কর্মসূচি পালনে প্রশাসনের অনুমতি পায়নি দলটি।
ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, চট্টগাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা জেলা পূর্ব, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, বি-বাড়ীয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, বরিশাল, ভোলা উত্তর ও দক্ষিণ, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনাসহ দেশের অধিকাংশ জেলায় পুলিশি বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট জেলার দলীয় নেতাকর্মীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকাতে মানববন্ধনের অনুমতি দেয়নি পুলিশ। এমনকি ঢাকা সিটির বাইরে কেরাণীগঞ্জে মানববন্ধন করতে চাইলেও তা পালন করতে দেওয়া হয়নি।
এদিকে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা বন্ধের দাবিতে দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দেশবাসীকে বিশেষ করে দেশের সকল জেলা নেতৃবৃন্দ, সদস্য-কর্মী ও মুহ্বিবীন সাংবাদিকসহ সর্বস্তরের জনতার প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
এমকে





