বিএনপি জঙ্গিবাদকে আশ্রয় দিচ্ছে সরকারের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, বর্তমান অবৈধ সরকারই নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। দেশের জনগণ তা ভালভাবেই বুঝতে পেরেছে।
মঙ্গলবার সকালে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার হয়নি। ক্ষমতাসীনরা নিজেদের লোকদের আড়াল করতে এই বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে পরিচালিত করেছে। যার মাধ্যমে প্রকৃত অপরাধীরা এখনও বিচারের আওতায় আসেনি। এজন্য তিনি পূন:তদন্তের মাধ্যমে আবারো এই জঘন্য হত্যাকাণ্ডের নেপথ্যে নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
মির্জা ফখরুল বলেন, নির্যাতন-নিপীড়ন আর মিথ্যা মামলা দিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না। দেশ প্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যূত করা হবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদের কথা বলে দেশের জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা যাবে না। দেশের গণতন্ত্রকামী মানুষ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, প্রহসনের নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি চেয়ারপার্সনের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই সঙ্গে হাজার হাজার নেতাকর্মীর অত্যাচার নির্যাতন বৃথা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
এসময় ঢাকা মহানগর বিএনপির কয়েকশত নেতাকর্মী ও সাদেক হোসেন খোকার অনুসারিরা সেখানে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ২৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) //এফএ
[/b]