‘দুর্বল’ পররাষ্ট্রনীতির কারণেই ৭ দিনেও বিজিবির নায়েক রাজ্জাক মুক্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, ‘নায়েক রাজ্জাকের শৃঙ্খলিত ছবি গোটা দেশের জন্য লজ্জাজনক।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজিবির ২০০ বছরের ঐতিহ্যের কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের জলসীমা থেকে নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায়। এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিজিবি কেন এত নতজানু?’

তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে মিয়ানমারের সাথে বৈরী সম্পর্ক তৈরি করছি, কিন্তু কেন?’

দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে বিএনপি এই নেতা বলেন, ‘একজন মহিলা সাংসদের পুত্র গুলি করে মানুষ মারে। এই ভাবে মানুষ মারা তো দাস প্রথার সময়ও হতো না।’

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়াকে শাস্তি দিতে চায় মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের ‍উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘সরকারের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা এখন চেষ্টা করছে, খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে শাস্তি দিতে। যেন তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন।’

তিনি বলেন, ‘বিএনপি ভেঙ্গে যাচ্ছে, খালেদা জিয়াকে এখন আর কেউ চায় না। এমন সব কথা সরকারের পৃষ্ঠপোষকতায় লিখা হচ্ছে। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নিবে। আর এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকেতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক মো. কবিরুল হায়দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এইচ এম আব্দুল হালিম প্রমুখ।

জেআই