আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ক্ষমতায় থাকতেও তারা (বিএনপি) বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেন, ক্ষমতায় না থাকলেও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকে। জীবনপ্রাণ লড়াই করবো, তবুও তাদের ক্ষমতায় আসতে দেব না। যতদিন দেহে আছে প্রাণ এ জঞ্জাল সরাবই।
রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, আপনার পেয়ারে পাকিস্তান ডুবছে। আরও ডুববে। কিন্তু আমরা তা চাই না। তারা যে খেলায় মাতছে, সেই খেলায় কখনো আওয়ামী লীগ পড়বে না, খেলবে না। আপনার দলই এ খেলায় পড়বে।
তিনি বলেন, এদেশে যার যার ধর্ম তার তার কাছে। এখানে কেউ নিপীড়ক হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, বিকৃত মানসিকতা নিয়ে তিনি নকল জন্মদিন পালন করে আসছেন। আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তি সৈয়দ আশরাফ অনুরোধ করে মানা করলেন। কিন্তু চোরায় না শুনে ধর্মের কাহিনী। বৈধ জন্মদিন হলে একটা হয়। আর ডাস্টবিনের তোয়ালে পেঁচানো শিশুর একাধিক জন্মদিন থাকতে পারে।
শক্তিধর দেশের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, আপনারা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে একে ওকে লেলিয়ে দেন। মধ্যপ্রাচ্যে আপনারা কী করতেছেন, সেটা আমরা দেখতেছি। কিন্তু এদেশে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে, এই চক্রান্ত সফল হতে দেয়া হবে না।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, নগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাঈদ খোকন, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





