ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গিয়ে এবারও ব্যর্থ হয়ে ফিরতে হলো বিএনপির প্রতিনিধিদলকে। ৫ জানুয়ারির সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে গিয়ে কমিশনার বা অন্য কোনো উর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ পায়নি দলটির নেতাকর্মীরা।

তবে বিএনপির নেতৃবৃন্দ এখনো মনে করছেন তারা অনুমতি পাবেন। আর অনুমতি না পেলেও তারা সমাবেশ করবেন এমন প্রত্যয় ব্যক্ত করেছেন।

এর আগে গত ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় যায়। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে সেদিনও কোনো কর্মকর্তার সাক্ষাৎ না পেয়ে তারা চলে আসেন।

সর্বশেষ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতির জন্য বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় যায়।

এসময় প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, দলটির প্রচার সম্পাদক এডভোকেট জয়নুল আবদীন ফারুক এবং সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

জয়নুল আবদীন ফারুক টাইমনিউজবিডিকে জানান, বিএনপির পক্ষ ৫ জানুয়ারি সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু এসময় ডিএমপির পক্ষ থেকে আমাদের জানানো হয় কোনো উর্ধ্বতন কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত নেই।

তিনি আরও বলেন, তবে আমরা আশা করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেয়া হবে। আর যদি অনুমতি না দেয়া হয় তবুও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবেই।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ৩ ও ৫ জানুয়ারি রাজধানীর তিনটি স্থানে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) কাছে আবেদন করেছিল বিএনপি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিলের শাপলা চত্বর ও নয়াপল্টনে বিএনপি অফিসের সামনের জনসভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।

এমএইচ/ এআর