ঈদে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘সরকার এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কারণ এই চাঁদাবাজির সঙ্গে শাসকদলের লোক ও আইনশৃঙ্খলা বাহিনী জড়িত।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই চাঁদাবাজির দৌরাত্ম বাড়ে। কিন্তু এবছর তা কয়েকগুন বেড়েছে। সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিলো।’
জনগণের যাত্রা নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
ঈদের সময়ে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়ের ঘটনাকে বর্তমান ‘সংঘাতময়’ রাজনৈতিতে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ’ হিসেবে অভিহিত করেন রিপন।
দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদ্বেষপূর্ণ রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে রিপন বলেন, ‘পুরোনো ঐতিহ্য অনুযায়ী ঈদের পর রাজনৈতিক দলগুলো যেন বিবাদ ও কথার বাক্যবানে পরিবেশ নষ্ট না করে। তাহলে শুভেচ্ছা বিনিময়ের এই বিষয়টি লোক দেখানো হয়ে যাবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত মহাসচিবের শারীরিক অবস্থা ভালো নেই। চিকিৎসার জন্য আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন।
তিনি বিদেশে চিকিৎসা নিতে যাবেন। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়। তার পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কবে কোন দেশে চিকিৎসা নিতে যাবেন তিনি।’
তিনি বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাসহ অনেক নেতাকর্মী কারাগারে আছেন। সরকারের মন্ত্রী এমপিরা পরিবার পরিজনের সাথে ঈদ পালন করবেন। তাই সরকার মানবিক দিক দিয়ে বিবেচনা করে ঈদের আগে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিবেন। যাতে করে তারা মুক্তি পেয়ে পরিবারের সাথে আনন্দে ঈদ পালন করতে পারেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।
এমকে





