দ্রব্যমূল্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক সমাবেশ করেছে লেবার পার্টি। আজ জাতীয় প্রেসক্লাবের সামেনে ঢাকা দক্ষিণ লেবার পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে। দফায় দফায় বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে জনমনে হতাশা বিরাজ করছে। চাল-ডাল-তেলসহ নিত্য পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা হয়ে পড়েছে।
সরকারের নিয়ন্ত্রণহীনতা ও দুর্নীতিবাজ প্রশাসনের ছত্র-ছায়ায় সিন্ডিকেট চোরকারবারী চক্র জনগণকে জিম্মি করে মুনাফার নামে পকেট কাটছে। মুক্তবাজার অর্থনীতির কারণে দেশীয় শিল্প ও উদ্যোক্তারা পুঁজি হারিয়ে পথে বসেছে। বন্ধ কলকারখানা চালু না হয়ে বরং চালু কলকারখানাগুলো বন্ধ হচ্ছে।
এসময় তিনি অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় শ্রমজীবী- মেহনতি মানুষের ঐক্যকে সুসংহত করার আহ্বান জানান।
এছাড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রানা প্লাজা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ও বন্ধ কলকারখানা চালু করা, ন্যূনতম মজুরী ১২ হাজার নির্ধারণ করা, চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
সমাবেশে বক্তব্য প্রদান করেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান এ্যাড. ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক মাহামুদ খান, আহসান হাবিব ইমরোজ, সাংগঠনিক সম্পাদকদ আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, যুব সম্পাদক হুমায়ুন কবির, শিক্ষা সম্পাদক শেখ মিজানুর রহমান, লুৎফর রহমান রফিক, ছাত্র মিশন যুগ্ম সম্পাদক সৈয়দ মো. মিলন প্রমুখ।
খাজা/এমএনজে





