প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কখনও বৈধ হতে পারে না। তাই দেশে এখন কোন সংসদ বা বৈধ সরকার নেই বলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের সময় এ কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান খালেদা জিয়া। এরপর খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করেন।
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার দিন ধার্য রয়েছে আজ।
দুর্নীতির এ দুই মামলায় চলতি মাসের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ওই দিন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেছে দুদক।
আর জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় অপর মামলা করা হয়।
জেড





