বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ শিক্ষাবিদ, মিছবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সাবেক অধ্যক্ষ টিএনটি কলোনী জামে মসজিদের খতিব, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরিয়া বোর্ডের সাবেক জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রবীণ রুকন মাওলানা সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (০৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ হাজারো আলেমের উস্তাদ মরহুম মাওলানা সিরাজুল ইসলামের বাংলাদেশে ইসলামী শিক্ষার বিস্তার ও ইসলামী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের কথা স্মরণ করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মাওলানা সিরাজুল ইসলাম মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১২.৩০মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলায় অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





