বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (মঙ্গলবার) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে দৈনিক প্রথম আলো পত্রিকার ১১ পৃষ্ঠায় “ঘরপোড়ার মধ্যে আলু পোড়া নয়” শিরোনামে আজ (১২ জুলাই) রাশেদ খান মেনন কর্তৃক লিখিত নিবন্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, “রাশেদ খান মেনন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব তথ্য পরিবেশন করেছেন তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।"
জামায়াত নেতা আজাদ আরও বলেন, রাশেদ খান মেননের লেখার জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে কোন জঙ্গি সংগঠনের কোন সম্পর্ক নেই। কাজেই ২৯টি জঙ্গি সংগঠনকে জামায়াতের পৃষ্ঠপোষকতা দেয়ার প্রশ্নই আসে না। তথাকথিত বাংলাভাই ও শায়খ আবদুর রহমানের সৃষ্ট তান্ডবকে জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা দানের প্রশ্ন অবান্তর।
তিনি বলেন, ২০১৪ সালে চার'শ স্কুল ঘর পুড়িয়ে দেয়া, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হত্যা এবং তান্ডব সৃষ্টির সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। জামায়াত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই রাশেদ খান মেনন ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এভাবে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি রাশেদ খান মেননের প্রতি আহবান জানাচ্ছি।
বিবৃতিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে এগিযে আসারও আহবান জানান কক্সবাজার থেকে নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা।
জেড/কেবি





