জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি ছিলাম, আছি এবং থাকব। এ সম্পর্কে কোর্টের রায়ও আছে।

সোমবার রংপুর পল্লী নিবাসে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদকে ‘সাবেক রাষ্ট্রপতি বলা নিয়ে করা’ মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
এরশাদ বলেন, এ প্রসঙ্গে কে কী বললো সেটা বিবেচ্য নয়। প্রধানমন্ত্রী হয়তো জিয়াউর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে টেনেছেন। এরশাদ সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সেখান থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে রংপুর পল্লী নিবাসে নিয়ে আসেন নেতাকর্মীরা। শোভাযাত্রার নেতৃত্ব দেন সিটি কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি।
এরশাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সে বিষয় নিয়ে আমার সন্দেহ আছে। সকল মানুষের মনেও সন্দেহ আছে। তিনি অভিযোগ করে বলেন, আমার অনেক প্রার্থীকে নমিনেশন সাবমিট করতে দেয়া হয়নি। এখনো অনেক প্রার্থীকে মনোনয়ন তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। এটা হতে পারে না। তিনি বলেন, এই সরকার যদি নির্বাচন সুষ্ঠু করতে পারে, তবে এই সরকারের পূর্বের সব দুর্নাম ঘুচে যাবে।
এসময় সাবেক বাণিজ্য মন্ত্রী জি এম কাদের, রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এরশাদ মঙ্গলবার সকালে ৫ দিনের সফরে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারত যাবেন। ১২ ডিসেম্বর তিনি রংপুর ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এমএইচ