ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু ও নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।
বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে পৌনে ১২টার দিকে মৎস্য ভবন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলে দলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় থেকে যুবদল নেতারা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে নেতাকর্মীদের ঢল নামে প্রেসক্লাব চত্বরে।
এদিকে যুবদলের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমবি





