এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে। তাদের কাছে গণতন্ত্র কখনোই নিরাপদ নয়। যখনই আ’লীগ ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র বাকশালে পরিণত হয়ে যায়।
বর্তমানে তারা ডিজিটাল বাকশালে গণতন্ত্র ফেরিওয়ালা সেজেছে। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করার আহ্বান জানান দেশপ্রেমিক নাগরিকদেরকে।
২৩ ডিসেম্বর বিকাল ৪টায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি ঢাকা মহানগরের উদ্যোগে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আহ্বায়ক জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক রাজু আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শামসুল আলম, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোঃ আবু তাহের, সহ দপ্তর সম্পাদক মোঃ মুসা, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ মনিরুজ্জামান, মোঃ শহীদুল্লাহ, আব্বাস উদ্দিন আহমেদসহ প্রমুখ।
প্রধান বক্তা মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, বর্তমান সরকার বিরোধীদলকে কোন সভা, সমাবেশ করতে দেবে না। তারা পুলিশকে নগ্নভাবে ব্যবহার করছে।
আগামী ৩ জানুয়ারি ও ৫ জানুয়ারি ঢাকার ২০ দলীয় জোটের সমাবেশে বাধা দিলে সরকার নিজেই মরণ ফাঁদে পা রাখবে। পতনই হবে সরকারের একমাত্র লক্ষ।
দেশপ্রেমিক জনগণ এই সরকারকে এক মুহুর্তের জন্যও আর ক্ষমতায় দেখতে চায় না। কারণ এই সরকার জনগণকে গুম, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। এখনও শীতলক্ষ্মাসহ নদীর কিনারে মানুষের লাশ ভেসে ওঠে। সরকার জনগনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে।
বরং সরকার ক্ষমতা টেকসই করার জন্য পুলিশ দিয়ে ও ছাত্রলীগ দিয়ে একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলনই হবে মুক্তির শেষ পথ। সেই পথে সকলকে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এসএইচ





