বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে উৎখাত করতে তৎকালীন সময়ে বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেনাবাহিনীর মধ্যে গোপনে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ তৈরি করেছিলেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ‘৭ নভেম্বর দুনিয়া কাঁপানো গণসিপাহী অভ্যূত্থান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইনুরা বাংলাদেশের নেতৃত্ব নেয়ার জন্য গণবিরোধী সশস্ত্র বিপ্লব করে সরকার উৎখাত করতে চেয়েছিলেন। ”
ফখরুল বলেন, “আন্দোলনের মাধ্যমেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।”
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সম্পর্কে সম্প্রতি তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “ যেসব আওয়ামী লীগ ও জাসদের নেতারা শেখ মুজিবুর রহমানকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন তারাই এখন দেশ চালাচ্ছে। হতাযজ্ঞ চালাচ্ছে।”
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
জেএ





