ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাজধানীর কারওয়ানবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। ওই হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যক্ষ মদদ দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়া কারওয়ান বাজারে একটি পথসভায় বক্তব্য শুরু করতেই সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। একইসঙ্গে লাঠি-সোটা ও রড দিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়িসহ ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর অন্তত তিনটি গাড়িতে বেপরোয়া ভাঙচুর চালায়।
এই হামলা প্রতিরোধ করতে গিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর (সিএসএফ) সদস্যরাসহ প্রায় অর্ধশত দলীয় নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিকল্পিতভাবে ওই হামলা চালিয়েছে বলে গাড়ি বহরে থাকা বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
জেআই





