‘১৯৭১ সালের মে মাস পর্যন্ত এ কে খন্দকার পাকিস্তান থেকে বেতন নিয়েছিলেন। এরপর ভারতে গিয়েছিলেন। এ জাতীয় লোক এখন নিজেদের চরিত্র নিজেরাই উন্মোচন করছেন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘এ কে খন্দকার বই লিখে বঙ্গবন্ধু ও বাঙালি জাতিকে কালিমালিপ্ত করেছেন।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ প্রেক্ষিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, ‘সম্প্রতি সংসদে বিচারপতিদের নিয়ে একটি বিল পাস হয়েছে। এটি সারা বিশ্বের সঙ্গে মিল রেখে করা হয়েছে। শুধু একটা দেশের সঙ্গে মিল নেই। সেটা হলো পাকিস্তান। ১৯৫৬ সালে আইয়ুব খান মার্শাল ল করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল করেছিলেন। সেটা আইয়ুব খানের আবিষ্কার। আর আমাদের দেশে করেছিলেন জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘আসলে বিএনপি চায় সেনাবাহিনী ক্ষমতায় অসুক। কারণ সেনাবাহিনী ক্ষমতায় আসলে বিএনপি ভাল থাকে। তারা আগেও এই বাহিনীকে ব্যবহার করেছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘যদি ৫ জানুয়ারির নির্বাচন না হতো তাহলে দেশ চালাত কে? সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে বলে দেশ আজ ভালভাবে চলছে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার-ই-আলম প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক ডা. এ কিউ এম শরিফ উদ্দিন, পেশাজীবী পরিষদের সাবেক মহাসচিব অধ্যক্ষ আলী মোহাম্মদ প্রমুখ।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





