গত ৩১ অক্টোবর সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ৮জন নিরীহ নাগরিক নিহত ও ১৩ জন নাগরিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ (শুক্রবার) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই নিন্দা প্রকাশ করা হয়।
জামায়াত (ভারপ্রাপ্ত) আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউইয়ার্কের এ হামলা’সহ বিশ্বের যে কোন দেশে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। জামায়াতের অবস্থান সব সময়ই সন্ত্রাসের বিপক্ষে।”
তিনি বিবৃতিতে বলেন, “আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় জড়িত যুবককে আইন মোতাবেক বিচার করবে। এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে ইসলাম ও মুসলমানদের কোন সম্পর্ক নেই। ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই। ”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কাঁধেকাঁধ মিলিয়ে জাতীয়ভাবে ও দলীয়ভাবে রুখে দাঁড়াবে এবং মোকাবেলা করবে।”
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমারা তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এমবি





