[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ জেলার সাতটি আসনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে কোনো সহিংসতা ছাড়া বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হয়।
লক্ষ্মীপুর-১ আসনে বিচ্ছিন্ন জাল ভোটের অভিযোগ ছাড়া ৭ টি আসনেই ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দলের প্রতিরোধের মুখে দেশের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন। তার মধ্যে আটটি আসনে ৩৯২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণের জন্য ১৬ জানুয়ারি নির্দিষ্ট করলেও সর্বশেষ আদালতের নির্দেশে কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচন স্থগিত হয়ে যায়।
সকাল থেকে দেশের পাঁচ জেলায় ৩৯০টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রগুলোতে প্রায় ১০ লাখ ৩ হাজার ভোটার রয়েছে।