প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী কিন্তু ধর্ম হীন নয়। চলার পথে ভুল ত্রুটি হতে পারে আওয়ামী লীগ শুধরাতে জানে। লতিফ সিদ্দিকীর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সভার শুরুতে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়ার ৬ ঘণ্টার মাথায় আওয়ামী লীগে ভাগ্য নির্ধারিত হচ্ছে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর।

জানা গেছে, আজ রোববার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভাতেই সিদ্ধান্ত হতে যাচ্ছে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের পদ থেকে অব্যাহতি পাচ্ছেন না কি দলের প্রাথমিক সদস্য পদও হারাচ্ছেন।

বৈঠকে আওয়ামী লীগের সকল প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুরে মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করা হয়েছে।

একে