বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশের কোন গণমাধ্যমে প্রচার না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
হানিফ বলেন, তারেক রহমান পাগল। রাস্তা দিয়ে যখন কোন পাগল হেঁটে যায়। তখন যদি কোন মানুষ তার দিকে তাকায়, তাহলে তার পাগলামি আরও বেড়ে যায়। বর্তমানে যে পাগলের (তারেক) আবির্ভাব হয়েছে। আপনারা (সাংবাদিক) তার কোন বক্তব্য প্রচার করেন না। তাহলে তার পাগলামি এমনিতেই থেমে যাবে।
রাজধানীর জিপিও ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি একটি অশুভ শক্তি। এরা যদি দেশে উন্নয়নে কোন বাঁধা সৃষ্টি করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোন অশুভ শক্তি। এ উন্নয়নকে রুখতে পারবে না।
সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ঢাকা, এমআর, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





