নির্বাচন কমিশনের সীমাহীন ব্যর্থতা। সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করার ক্ষেত্রে  তাদের ন্যাক্কারজনক ভূমিকা দেশের নির্বাচন ব্যবস্থার কবর রচনা করেছে বলে মন্তব্য করেছে জামায়াত।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান এ মন্তব্য করেন।
তিনি বলেন,  সদ্য সমাপ্ত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে অনিয়ম, জালভোট প্রদান, ব্যালট বক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের মহোৎসব এবং ফলাফল পাল্টে দেয়ার ঘৃন্য ঘটনা দেশবাসীসহ সারা দুনিয়ার মানুষ প্রত্যক্ষ করেছে।
বিভিন্ন প্রচার মাধ্যমে ভোট ডাকাতির দৃশ্য প্রচারিত হয়েছে। এসব অনিয়মের পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘সদ্য সমাপ্ত হওয়া উপজেলা নির্বাচনে কোন অনিয়ম পাওয়া যায়নি’ এ বক্তব্যে দেশের জনগণের প্রতি নির্মম রসিকতা ছাড়া আর কিছু নয়।
নির্বাচন কমিশনের এহেন অযৌক্তিক, অসত্য, বাস্তবতা বর্জিত ও সরকারের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অধ্যাপক মুজিবুর রহমান।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]