সৈয়দ আশরাফুল ইসলাম অতিরিক্ত ভার বহন করছেন, তাকে দলে আরো বেশি সময় দেয়ার জন্য মন্ত্রিত্ব থেকে সরানো হতে পারে।

অতিরিক্ত ভার কমাতে তাকে সরানো হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাবুবাজার ব্রিজ পরিদর্শণেগিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক দেশেই সরকার প্রধান থাকেন, আমাদের দেশেও আছেন। তিনি প্রয়োজন মনে করলে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন।

আবার প্রয়োজন মনে না করলে সরিয়েও নেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানে আমাদের কিছু করার নেই।

তিনি বলেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী মনে করছেন, সৈয়দ আশরাফুল ইসলাম অতিরিক্ত ভার বহন করছেন, তাকে দলে আরো বেশি সময় দেয়ার জন্য মন্ত্রিত্ব থেকে সরানো হতে পারে।

এক প্রশ্নে জবাবে ওবায়দুল কাদের বলেন, ভালো-খারাপ আপনারা ও জনগণ কয়েক বছরে দেখেছেন, এ পর্যন্ত দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই ঠিক ছিল। কোনো সিদ্ধান্ত বেঠিক হয়নি।

তিনি বলেন, ব্রিজের ওপর বাস দাঁড় করিয়ে স্ট্যান্ড বানানো যাবে না। আমাদের সমন্বয় সভায় এ বিষয়টি সিদ্ধান্ত ছিল। যে ব্রিজগুলো সব সময় পরিস্কার থাকবে, যাতে ব্রিজে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়। কিন্তু এ যানজট নিরসন করার দায়িত্ব পুলিশের।

এসময় ক্ষোভ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, আমি ব্রিজ পরিদর্শনে আসলেও পুলিশ আসেনি।

পরে মন্ত্রী স্পটে দাঁড়িয়ে পুলিশ প্রধান (আইজিপি), ডিএমপি কমিশনার ও ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এসএইচ