বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার করার জন্যই রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়িতে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের প্রধান ফজলে এলাহী আকবর।
ঢাকা সিটি করপোরশেন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কারওয়ান বাজারে প্রচারে গিয়ে ওই হামলার মুখে পড়েন খালেদা জিয়া। এতে চেয়ারপারসনের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। তার মধ্যে ড্রাইভার এবং দুজন সিএসএফ সদস্য রয়েছেন।
সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় ফিরে উপস্থিত সাংবাদিকদের ফজলে এলাহী আকবর বলেন, ‘ম্যাডামের গাড়ির কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে গাড়ি বুলেট প্রুফ থাকায় আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। গুলি লাগলে 'স্পট ডেথ' হওয়ার সম্ভাবনা ছিল তার। তবে তিনি (খালেদা জিয়া) প্রাণে বেঁচে গেছেন।’
এ সময় খালেদার বাসভবন ফিরোজার ভেতরে সাংবাদিকদের নিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দেখান তিনি।
হামলার পরও বিএনপি চেয়ারপারসন মালিবাগ, খিলগাঁও শাজাহানপুর এলাকায় মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান। এরপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সিএসএফ, ড্রাইভার, ব্যক্তিগত কর্মর্কতাদের দেখতে যান তিনি।
এদিকে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও দ্রুত বিচারের আহবান জানিয়েছেন বিএনপির জোট শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও খালেদা জিয়াকে হত্যার উদেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করেন কর্নেল অলি।
এর আগে দুপুরে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, খালেদা জিয়ার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এমকে





