প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গাইবান্ধা যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে ১৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। সেখানে নির্বাচনে সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে দুপুরে গাইবান্ধা পৌঁছাবেন এবং সন্ত্রাসীদের হামলায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে বেলা পৌঁনে একটায় মতবিনিময় করবেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, প্রতিটি এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ছয়টি খাদ্যগুদাম, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় ৩১ শয্যার হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত ও জেলায় ইপিআই স্টোরের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী পলাশবাড়ী ও ফুলছড়ি থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, সুন্দরগঞ্জ-চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর এক হাজার ৪৯০ মিটার পিসি গার্ডার সেতু এবং সাঘাটা উপজেলায় বোনারপাড়া ইউপি অফিস-রামনগর বাজার সড়কে কাটাখালী নদীর ওপর ৩৬০ মিটার পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
পরে তিনি একই স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেবেন।
ঢাকা, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//এফএ





