পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। সেই শিক্ষা অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে কঠোর পরিশ্রম করে এবার বিজয় ছিনিয়ে এনেছি বলে জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এছাড়া তিন সিটিতে সকল বিজয়ী প্রার্থীদের ১৪ দলের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন পরিপূর্ন সুষ্ঠু হয়েছে দাবি করেন মো. নাসিম।

নাসিম বলেন, খালেদা জিয়া বার বার ভুল করেন। ভুল থেকে কোনো শিক্ষা নেন না। তার শিক্ষা নেয়া উচিৎ। আমরা ৫ সিটি করপোরেশন নির্বাচনে ভুল করেছিলাম। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে ঝাপিয়ে পড়েছিল। কঠোর পরিশ্রম করে বিজয়ও পেয়েছি।

খালেদা জিয়ার বিধি বহির্ভূত মোটরসাইকেল মহড়া ও গাড়ি বহরের কথা উল্লেখ করে নাসিম বলেন, যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া মাঠে নামেনি ততক্ষণ কোনো ঘটনা ঘটেনি। তিনি শান্তিপূর্ণ প্রচারণায় বিশৃঙ্খলা ঘটিয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির কথা শুনলে মানুষ ভয় পেয়ে যায়। ওদের শান্তিপূর্ণ কর্মসূচি মানে হল পেট্রোল বোমা মারা, মানুষ পুড়িয়ে মারা। ওদের শান্তির সাথে মানুষের শান্তির মিল নাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কোনো কর্মসূচি সফল করার ক্ষমতা আগেও ছিল না, এখনো নেই। আগামীতেও সেই ক্ষমতা হবে বলে আমার মনে হয় না। বিএনপির কোমরে কতটুকু বল আছে সেটা দেখার আগে আমরা দেখতে চাই ওদের কোমর কতটুকু সোজা আছে।

কুটনীতিকদের বিষয়ে নাসিম বলেন, আমাদের কুটনীতিক বন্ধুরা সব সময় কিছু রুটিন কথা বলন। তারা যে কথাগুলো বলেছেন তার মধ্যে বিএনিপর হঠাৎ সরে আসার বিষয়টাও আছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইলেকশন তো একটা যুদ্ধের মত। সেই লড়াইয়ে আপনারা টিকতে পারলেন না। খালেদা জিয়া নিরব বিপ্লব ঘটানোর কথা বলে ১২টার পর নিজেই বিপ্লব থেকে সরে আসলেন।

১৪ দলের সভায় সভাপতিত্ব করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মুজিবুল বাশার মাইজভান্ডারির। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রে আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল প্রমুখ।

ইআর