আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, চ্যানেল আই'র ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা ফারুকী ও মগবাজারে বাসায় ঢুকে ৩ জনকে হত্যা করা হয়েছে। এগুলো রাজনৈতিক হত্যাকান্ড। যারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতি ঘটিয়ে থাকে তারা আবারো মাঠে নেমেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচননা সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন উন্নতির দিকে যাচ্ছিল। এর মধ্যে বাড়ির ভেতর ঢুকে এই হত্যাকাণ্ডের কারণে শহরের মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে পড়েছে।এটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে বিভাজনের কারণ হতে পারে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই নজরে থাকার কথা। তাদেরকেই জবাবদিহি করতে হবে। এই অরাজকতা চলতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।

বিচারপতিদের অভিশংসন আইন পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘ঘোড়ার আগে গাড়ী পাঠিয়ে দিতে হবে এটা হয়না।’ তাই আগে সংবিধান সংশোধন করতে হবে। পরে বিচারপতিদের অভিশংসনের আইন পরিবর্তন করতে হবে। এর আগে এ বিষয়ে হট্টগোল করা ঠিক হবে না।

বর্তমান সংসদ ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে।এটা নিয়ে সংশয়ের অবকাশ নেই।এ বিষয়ে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এই সংসদের কোনরকম বিরোধীতা করা রাষ্ট্রদ্রোহীতার সামিল। আপনারা (বিএনপি) নির্বাচন করেননি সেটা আপনাদের সমস্যা। তবে সংসদের বিরোধীতা করার অধিকার আপনাদের নেই।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ