নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ। এছাড়া সেখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও লক্ষণীয়।
শুক্রবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।
এ বিষয়ে পল্টন থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম মোর্শেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই পুলিশ বৃদ্ধি করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পল্টনসহ সারা শহরেই পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে পল্টনেও পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের রায়ট কার, প্রিজন ভ্যান, জলকামান। টহল দিচ্ছে র্যাব।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতা-কর্মীকে দাঁড়াতে দেয়া হচ্ছে না বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ বিষয়ে পল্টন অফিসে উপস্থিত থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কোনো অভিযোগ ছাড়াই অবরোধ করে রাখা গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা ও গণতান্ত্রিক অধিকারকে বাধা দেয়ার শামিল।
এ সময় তিনি এ ঘেরাওয়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে কোনো বাধা দেবেন না। পুলিশ সরিয়ে নিন।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কার্যালয়ে মহিলা দলের কেক কাটা কর্মসূচি ছিলো। এছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে গুলশন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটেন খালেদা।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





