জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে মতিঝিল থানার এক মামলায় জড়িয়ে তাকে হয়রানী করার উদ্দেশ্যে ৩ দিনের জন্য পুলিশের রিমান্ডে নেয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ (সোমবার) দলটির  কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই প্রতিবাদ জানান হয়।

প্রেসবার্তায় অধ্যাপক মজিবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে মিথ্যা মামলায় ৩ দিনের জন্য পুলিশের রিমান্ডে নেয়ার ঘটনা অত্যন্ত অমানবিক। রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই তাকে রিমান্ডে নেয়া হয়েছে। ”

তিনি বলেন, “তিনি ৯ অক্টোবর গ্রেফতার হওয়ার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। দেশবাসী অবগত আছেন তার বয়স প্রায় ৮০ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীদের পক্ষ থেকে তার চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কিন্তু তা আমলে না নিয়ে সরকারের আবেদনের প্রেক্ষিতে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। তিনি রিমান্ডে মানসিক চাপের মুখে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। আজ তাকে আবারো ৩ দিনের রিমান্ডে নিয়ে তার উপর সরকার চরম জুলুম করেছে। দেশের একজন জাতীয় নেতার সাথে এ ধরনের আচরণ অত্যন্ত দু:খজনক।”

জামায়াত এর (ভারপ্রাপ্ত) আমির বলেন, “আমরা সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলতে চাই, আমিরে জামায়াত মকবুল আহমাদের স্বাস্থ্যের কোন ক্ষতি হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে। রিমান্ড বাতিল করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 এমবি