বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড করে মাঠে স্থান পাবেন না। বর্তমানে মাঠ দখল করে আছে জনগণ। সেখানে এ অবৈধ সরকারের কোন জায়গা নেই।
সোমবার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন,এ অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী অসত্যের এক অভিনয় শিল্পী। তাই তো মিথ্যাকে সত্যি আর সত্যিকে মিথ্যায় পরিণত করতে একের পর এক দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন,গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা হরণ আওয়ামী লীগের অলিখিত গঠনতন্ত্রে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের জীবন আজ হুমকির মুখে। সারাদেশে চলছে গুম,খুন ও অপহরণের মহাউৎসব।
শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন,আপনি আপনার সন্ত্রাসী অগ্নি পুত্রদের দিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়ে লাশের স্তুপ তৈরি করতে পারলেও বিজয় অর্জন করতে পারবেন না। জনগণ তাদের অধিকার আদায় করবেই।
ঢাকা, ২৮ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এমআর





