মুসলিম বিশ্বের সমর্থন পেতে ‘মিথ্যা নাটক’করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সরকার গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মওলানা মতিনের ভূমিকা শীর্ষক’আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বর।

লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গয়েশ্বর আরও বলেন, ‘ষড়যন্ত্র শেখ হাসিনা ও তার দলের অর্জন। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। ষড়যন্ত্র কখনো প্রকাশ্যে হয় না। আসলে ষড়যন্ত্র করে এ সরকারই ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

প্রসঙ্গত, সরকার উৎখাতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ‘ষড়যন্ত্রে’জড়িত থাকার অভিযোগে রবিবার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নিলে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতে আসলামের সাক্ষাতের খবর ফাঁস হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রে ওই বৈঠক হয়েছিল।

এআই