বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদ্যুতের দাম বাড়ালে দেশে আরেকটি বিপর্যয় সৃষ্টি হবে। বিদ্যুতের দাম বাড়ানোর কোনো নৈতিক অধিকার এই অবৈধ সরকারের নেই। এর আগেও ৩দফা বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি দিয়ে কুইক রেন্টাল ব্যাবসায়ীদের কুইক সুবিধা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন তিনি।
তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, অতীতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল। এবারও তারা নিয়ম রক্ষার কথা বলে ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করে বাকশাল কায়েম করতে চায়। কিন্তু ভোটারবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে বাকশাল কয়েমের চেষ্টা সফল হবেনা।
উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সহিংসতা কম ছিল, কিন্তু দ্বিতীয় দফায় নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ক্রমান্বয়ে উপজেলা নির্বাচনে সহিংসতা বাড়ছে। সরকার বেপরোয়া হয়ে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে সারা দেশে সহিংসতা বাড়িয়ে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নিতে চায়। ৫ জানুয়ারীর নির্বাচনের মত। এরা বাকী উপজেলা নির্বাচনের ফল নিজেদের ঘরে নেয়ার পাঁয়তারা করছে।
যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মোশাররফ বলেন, তারেক রহমানকে দেশে আনতে হলে আরেকটি নির্বাচনের দাবী আদায় করতে হলে, জনগণের অধিকার আদায় করতে হলে, সভা সমাবেশে কোন লাভ হবেনা। এজন্য  আন্দোলনের কোন বিকল্প নেই। এই সরকারকে হটাতে রাজপথে আন্দোলন করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবির মুরাদ প্রমুখ।[b]
ঢাকা, এমএইচ, ১১মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]