প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পুণরায় পরীক্ষা নেওয়ার দাবিতে মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ‘হামলার’ নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিকেলে সংগঠনেরর ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, এটা দিবালোকের মত পরিস্কার যে, মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এখন সেই অন্যায়ের প্রতিবাদে পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, তখন তাদের দাবি দ্রুত সময়ে মেনে না নিয়ে পুলিশি হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
তারা বলেন, এ ঘটনায় ভবিষ্যত প্রজন্মের কাছে এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে যে, অন্যায় করো, অন্যায় সহ্য করো এবং মুখ বুঝে থাকো।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এই বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। যেখানে সরকারের পক্ষ থেকে এমন ঘটনার পর দু:খ প্রকাশ করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা উচিত ছিল। সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করেও তাদের নায্য অধিকার আদায় করতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু সরকারের পুলিশ তাদের উপর খড়গহস্ত হচ্ছে।
তারা বলেন, গণতন্ত্র না থাকলে একটি দেশ ও জাতি কতটা সমস্যায় জর্জরিত হতে পারে, এই সরকারের শাসনামলে দেশবাসি হাড়ে হাড়ে টের পাচ্ছে।
নেতৃদ্বয় অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান।
এমকে





