ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একই সময়ে মাত্র দু’শ গজ দূরত্বে উপজেলা বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে স্থানীয় উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিংও করে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ৩ যুগ্ম আহবায়ক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনকে সভাপতি ও ফরিদ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করেন।
এ সম্মেলনে উপস্থিত না হয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক খুররম খান চৌধুরী পরবর্তীতে একক সিদ্ধান্তে বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ মধ্যবাজারের নতুন গরু হাটায় উপজেলা বিএনপি’র পুনরায় সম্মেলন আহবান করেন।
একই দিন ওই সময়ে মাত্র দু’শ গজ দূরত্বে স্থানীয় পুরাতন গরু হাটা এলাকায় নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় ১নং ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক আফজাল এইচ খানসহ উত্তর জেলা বিএনপির ৩ যুগ্ম আহবায়ককে অতিথি করা হয়।
পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কায় পরে স্থানীয় উপজেলা প্রশাসন বুধবার দুপুরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





