তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া ফেরেস্তা সাজার চেষ্টা করছেন। কিন্তু জামায়াত হেফাজতকে সাথে নিয়ে গণতন্ত্রের ফেরেস্তা হওয়া যায় না।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারি ডিগ্রি কলেজে ডিজিটাল ক্লাস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা মনগড়া বিষয় নয়। মহাজোট সরকার কোন বিষয় নিয়ে কোন নাটক করে না। কিন্তু বেগম খালেদা জিয়া ক্রমাগত গণতন্ত্র, যুদ্ধাপরাধীদের, জঙ্গীবাদীদের নিয়ে বিভিন্ন রকম নাটক করছেন। নাটক দেখার পর এটুকুই বলবো, জামায়াত হেফাজতের সঙ্গে ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না। এই নাটক থেকে যদি সরে আসেন তবে দেশের মঙ্গল, আমাদেরও মঙ্গল।

মন্ত্রী সুমদ্রসীমা নিয়ে সরকার নাটক করছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম-এর এমন অভিযোগে তিনি বলেন, “সমুদ্র সংক্রান্ত বিরোধ এটা আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও বলেন, মহাজোট সরকার মিথ্যা তথ্য দেয় না, যতটুকু সমুদ্রের অংশ পেয়েছি তাই বলেছি। এটা মহাজোট সরকারের বিজয়, এখানে কোন তথ্য বিভ্রাট নেই, কোন নাটুকেপনা নেই।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, আমলা কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস