বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে কোণঠাসা করতে হবে। এদের মূল কৌশল হলো নির্বাচনের নামে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে হালাল করা বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. মিলনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় এক আলোচনাসভায় বুধবার বিকালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও তার নেত্রী বেগম খালেদা জিয়া দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারা (বিএনপি) দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এ জন্য বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা করতে হবে।

বিএনপির সমালোচনা করে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা আরও বলেন, বিএনপি মূলত কৌশলে নির্বাচনের নামে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, ও সম্প্রদায়িকতাকে হালাল করছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতেও আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরমাণুবিজ্ঞানী ড. এম এ করিম, জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, মোহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, নারী নেত্রী আফরোজা হক, কেন্দ্রীয় নেতা নঈমুল আহসান জুয়েল, আনোয়ার ইসলাম বাবুল প্রমুখ।

কেএইচ