ঘুরে-ফিরে হলেও বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম-খুন, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে শেখ শওকত হোসেন নীলু বলেন, এতো আন্দোলন, এতো মানুষ হত্যার পর সেই কাজ আপনি করলেন-ই। এতো হরতাল-অবরোধ দিলেন, পেট্রোল বোমা মেড়ে মানুষ পুড়িয়ে মারলেন আর এখন সিটি নির্বাচনে অংশ গ্রহণ করছেন। আপনার সকল সন্ত্রাসী কার্যক্রম পণ্ড হয়ে গেছে।
তিনি বলেন, খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচির নামে টানা ৮৫ দিন সহিংস হরতাল-অবরোধ দিয়ে দেশের অনেক ক্ষতি করেছে। এত দেশের অর্থনীতির প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তৃতীয় শক্তি প্রয়োজন। আর তৃতীয় শক্তি হিসেবে আমরা (এনডিএফ) আছি।
৫ই জানুয়ারী নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ই জানুয়ারী একটি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর আপনি এ নির্বাচন বাতিল করে একটি মধ্যবর্তী নির্বাচন দেন এবং দেশকে উপকৃত করুন। এতে আপনার মুখে যে কলঙ্ক পড়ছে তা নির্বাচনের মাধ্যমে দূর হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী প্রমুখ।
এমএ/এমকে





