বিএনপি সন্ত্রাস ছেড়ে গণতন্ত্রের পথে আসলেই তাদের সঙ্গে আলোচনা সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার বিকালে রাজধানীর উত্তরার আজমপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদের ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংলাপ এখন খারাপ শব্দ হয়ে গেছে। ১/১১ সময়ে যারা সংলাপের কথা বলেছেন, তাদের লক্ষ্য ছিল; দুই নেত্রীকে (খালেদা জিয়া-শেখ হাসিনা) সরিয়ে দেয়া। আজকেও সেই সংলাপেরই কথা উঠেছে। এটা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবেন না। তবে সন্ত্রাস পরিহার করলে আলোচনা হতে পারে।
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মেনন বলেন, বিএনপি রাজনীতির মাঠে হেরে গিয়ে বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীদের মাঠে নামিয়ে দিয়েছেন। যারা বিশেষ সময়ে সুবিধা লুটে। তারা সংলাপের কথা বলে।
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গণধোলাই শুরু হয়ে গেছে। বিএনপি-জমায়াত কর্মীদের যেখানে পাবেন, ধইরা মিষ্টি (ধোলাই) খাইয়ে পুলিশে দেবেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এমআর/কেএইচ





