আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার স্বামীর হত্যাকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ খুনের আসামী শফিউল আলম প্রধান ও জামায়াতে ইসলাম ‘৭১’র গণ-হত্যাকারী এবং দূষ্কৃতিকারীদের নেতৃত্ব দিচ্ছেন। তাই খালেদা জিয়া একাধারে স্বামী হত্যাকারী, গণ-হত্যাকারী ও দূষ্কৃতিকারী।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার বন্দী দিবস উপলক্ষ্যে এ সামাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, প্রতিদিন ইফতার মাহফিলে মিথ্যাচার করে রমজানের পবিত্রতা নষ্ট করছে খালেদা জিয়া। বিএনপি নেত্রীর মতো আমাদের নেত্রী (শেখ হাসিনা) ইফতার মাহফিলে কোন রাজনৈতিক বক্তব্য দেন না।
তিনি বলেন, ২০০৭ সালে তত্ত্ববধায়ক সরকারের আমলে যখন বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ আরও অনেক নেতার স্ত্রীদের গ্রেফতার করা হয়েছিল। তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া কোনো কথা বলেননি। কিন্তু আমাদের নেত্রী (শেখ হাসিনা) গণতন্ত্রের নেত্রী বলেই এর প্রতিবাদ করেছিলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার ষড়যন্ত্র এখনো চলছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার ষড়ন্ত্রকে প্রতিরোধ করতে হবে।
উল্লেখ্য, ২০০৭ সালের তত্ত্ববধায়ক সরকারের সময়ে এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগে তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সোহেলী পারভিন মনি প্রমুখ।
ঢাকা, এমআর, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





