আওয়ামী লীগকে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘যারা এই আওয়ামী লীগের আমলে গুম-খুন হয়েছে তাদের পরিবারের লোকেরা তৈরি হচ্ছে এর বদলা নিতে। তাই সাবধান আওয়ামী লীগ, সাবধান অত্যাচারীরা।’
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সিটি নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক সহিংসতা ও নারী কর্মীদের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আ স ম হান্নান শাহ বলেন, ‘খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করে আওয়ামী লীগ বলে বেড়াচ্ছে কিছু বিক্ষিপ্ত মানুষ এ নাকি হামলা চালিয়েছে। আওয়ামী লীগ মা-বোনদের ইজ্জত করতে পারে না। তারা মানুষ নয়, তারা অমানুষ, তারা শয়তান।’
তিনি বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে আমি কেবল সরকারকে দোষ দেইনা। এরা এসব করবেই। সরকারের দায়িত্ব এক আর নির্বাচন কমিশনের দায়িত্ব এক। কিন্তু নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করেছে। তারাও ব্যালট পেপারে সিল মেরে দৃষ্টান্ত স্থাপন করেছে।’
এসময় সিটি করপোরেশন নির্বাচনের দিনের কিছু অনিয়মের অভিযোগ করে হান্নান শাহ বলেন, ‘এটা জাতীয় নির্বাচন নয়। হেরে গেলে সরকার ক্ষমতাচ্যূত হতনা। এ কারণে খালেদা জিয়া নির্বাচনের আগে নির্বাচন সুষ্ঠু করার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী।’
কাজের কাজ কিছুই হলনা আওয়ামী লীগের মন-মানসিকতা বাকশালের উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতানোর জন্য যা খুশি তাই করতে পারে। তাই নির্বাচনের আগে তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের প্রার্থীদের ভয় দেখিয়েছে। এজন্য সরকারি বাহিনীসহ তাদের দলীয় নেতারা আমাদের কাউন্সিলর প্রার্থীদের না পাওয়া গেলে তার মা অথবা বাবাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে'।
তিনি আরও বলেন, এই নির্বাচন ছিল সরকার এবং নির্বাচনকে টেস্ট করা। এই নির্বাচনের মাধ্যমে আবার প্রমানিত হল, এই সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারেনা।
আয়োজক সংগঠনের সভাপতি নূরী-আরা-সাফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা সুলতানা প্রমুখ।
এমএ/এমকে





