শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়া বন্দুকের নলের মাধ্যমে বৈধ রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জোর করে ক্ষমতা নিয়েছিলেন। জিয়ার অবৈধ ক্ষমতা গ্রহণকে হাইকোর্ট বাতিল করেছেন।
বুধবার কমলাপুর রেল স্টেশনে রেলওয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান তার অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য সংবিধান সংশোধন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলের উন্নয়ন হয়েছে। দেশের মানুষ আজ স্বল্প খরচে গন্তব্যে যেতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে এনে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন। তিনি ২৮ হাজার কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনে রেলওয়ের উন্নয়নে বিনিয়োগ করেছেন।
রেলের উন্নয়নের জন্য এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তিনি রেল কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী মজিবুল হক বলেন, বঙ্গবন্ধু কারো দালালি সহ্য করেননি। তিনি আন্দোলন করে একটি জাতিকে দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে বিশ্ব বিবেককে হত্যা করা হয়েছে।
তিনি জাতির জনকের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





