জনগণের ভোটের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সোজা আঙ্গুলে কাজ না হলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করতে হবে।

বৃহস্পতিবার বিকালে নীলফামারীর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিগত উপজেলা নির্বাচন তার বড় প্রমাণ।  সেই নির্বাচন স্থানীয় সরকার হলেও আওয়ামী লীগ কারচুপি করে তাদের নিজেদের লোকদের জিতিয়ে এনেছে।

তিনি বর্তমান নির্বাচন কমিশনেকে অপদার্থ আখ্যায়িত করে বলেন, এই অথর্বদের দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। একইসঙ্গে বর্তমান দলীয় প্রশাসনের অধীনেও কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শুধু ছবি উঠালেই বিদেশিদের স্বীকৃতি পাওয়া যাবে না। গণতন্ত্র না থাকায় কেউ আপনাদের স্বীকৃতি দেয়নি। দেশে দেশে ঘুরলেই স্বীকৃতি পাওয়া যায় না।’

২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘শেখ হাসিনাকে বিদায় করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। একদলীয় বাকশাল নয়, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনব। আওয়ামী লীগকে বিদায় করে ঘরে ফিরব।'

তিনি বলেন, সময়মতো আন্দোলনের ডাক দেব। এবার আর ব্যর্থ হবো না। অবশ্যই আগের মতোই জয়ী হব। রক্ত দেওয়ার জন্য তৈরি আছি। স্বৈরাচার এরশাদকে বিদায় করেছি। হাসিনাকেও বিদায় করব।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক আগাম নির্বাচনের দাবীর আন্দোলনকে গতিশীল করতে দেশব্যাপী গণসংযোগে নেমেছেন বিএনপির চেয়ারপারসন। তারই অংশ হিসেবে আজ নীলফামারীতে ২০ দলীয় জোটের উদ্যোগে জনসভায় তিনি বক্তব্য রাখেন।
জনসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আনিসুল আরেফীন চৌধুরী।

সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ (ভাসানীর) চেয়ারম্যান জেবেল রহমান গানী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

স্থানীয় নেতাদের মধ্যে, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মওলানা আবদুর রশিদ, বিএনপি সহ সভাপতি আলমগীর সরকার, সাবেক মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ভজে, জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, ডোমার পৌরসভা মেয়র মনসুরুল ইসলাম দানু, জেলা বিএনপি নেতা মীর সেলিম, মোস্তফা ফিরোজ প্রমুখ বক্তব্য দেন। 

এমএইচ