২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিচার করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা-১০ আসন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি একথা জানান।
‘২১ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্ত প্রকৃত দোষীদের বিচার চাই’ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল নায়ক তারেক রহমান। ওই মামলায় অভিযুক্ত মুফতি হান্নানের বক্তব্যে এটা স্পষ্ট হয়ে উঠেছে।
কামরুল বলেন, বঙ্গবন্ধুর খুনীদের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী তারেক রহমানদেরও বিচার করা হবে।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।
ঢাকা, এমআর, টাইমনিউজবিডি.কম





