জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা আমলাতন্ত্র নয়, গণতন্ত্র চাই। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘উপজেলা পরিষদ এখন আমলারা চালায়। বাংলাদেশে গণতন্ত্র কেবল একদিনেই আসে, তা হলো ভোটের দিনে। জাতীয় পার্টি একদিনের গণতন্ত্রে বিশ্বাসী নয়। আমরা ক্ষমতায় গেলে উপজেলা চেয়ারম্যানদের হাতে পরিষদ চালানোর পূর্ণাঙ্গ ক্ষমতা ফিরিয়ে দেব।’
রাজধানীর বনানীতে রাজউক মাঠে শুক্রবার বিকেলে জাতীয় পার্টির ঢাকা মহানগর কমিটি (উত্তর) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এরশাদ এ সব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।
এরশাদ বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক পরিষদ করে জনগণের কাছে ক্ষমতা দিব।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চাই। জাতীয় পার্টি জনগণের নন্দিত পার্টি, নিন্দিত নয়। দুই দলের হাত থেকে (আওয়ামী লীগ-বিএনপি) মানুষ রক্ষা পেতে চায়। জাতীয় পার্টি আছে, মানুষের মনের ইচ্ছা পূরণ করবে।’
এ সময় তিনি দলের শ্লোগান হিসেবে উল্লেখ করেন, ‘জাতীয় পার্টি একশ একান্ন।’
এএইচ





